সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ৩১ আগস্ট ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম সোনার গহনা ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় এক প্রবাসীর ভাই মো. সুমন গত ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৪৬।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক বেগ জানান, ওই মামলার ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাইয়ের অভিযোগের পর এবার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।