শিরোনাম

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে ৫ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-তেল ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা। সোমবার বিকেলে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে লংমার্চ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। কর্মসূচির প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ছয় মাসে সরকার গণতন্ত্রের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাতে এবং বিদ্যুৎ, গ্যাস, সারসহ জনদুর্ভোগের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। সংসদ ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে কটু আচরণ এবং তাদের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

লংমার্চে সরকার কোনো ধরনের বাধা দেবে না—এমন প্রত্যাশা জানিয়ে ১১ দলের নেতারা বলেন, এটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। কর্মসূচিতে বাধা, হামলা, ভয়ভীতি কিংবা নাশকতার চেষ্টা করা হলে তা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী হবে। জোটের নেতারা আরও ঘোষণা দেন, লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে সব বাধা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছাবেন তারা।

এদিকে লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম যানজট সৃষ্টি এবং বালুর ট্রাক বা খালি ট্রাক দিয়ে বহর আটকে দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। লংমার্চের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শাপলা চত্বর থেকে যাত্রার পর নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করবে ১১ দলের বহর। পথে বিভিন্ন স্থানে অনির্ধারিত কর্মসূচিতেও নেতারা বক্তব্য দেবেন।

স্থানীয় পথসভাগুলোর ব্যবস্থাপনা করবেন সংশ্লিষ্ট এলাকার ১১ দলের স্থানীয় নেতারা। মতবিনিময় সভায় ১১ দলীয় ঐক্যের নেতারা দাবি করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই সনদের দাবিতে তারা জনগণের কাছে যাচ্ছেন। এ কর্মসূচিকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সফল করতে পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL