রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাম্প্রতিক হামলা ও সংঘর্ষের ঘটনায় সংবাদ পরিবেশনে ব্যবহৃত ভাষা ও শব্দচয়ন নিয়ে সাংবাদিকদের কড়া সতর্কবার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।মঙ্গলবার সন্ধ্যায় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু সাংবাদিক সংবাদ পরিবেশনে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে অবস্থান নিচ্ছেন এবং বিষয়টি নিয়ে ‘মায়াকান্না’ দেখাচ্ছেন।
মোস্তাকুর রহমান বলেন, সাংবাদিকদের ব্যবহৃত কিছু শব্দ ও উপস্থাপনার ধরন নিয়ে তারা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তার অভিযোগ, রাকসুর প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে অনেকে হামলা হিসেবে উপস্থাপন করছেন। তিনি বলেন, রাকসু ভবনে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে রাকসু।
এ সময় রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, শব্দের মাধ্যমে যেমন মানুষকে তৈরি করা যায়, তেমনি ধ্বংসও করা যায়। তিনি সাংবাদিকদের সংবাদ পরিবেশনে বিষয়টি প্রতিরোধ হিসেবে দেখার আহ্বান জানান। এর আগে সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় কয়েক দফা সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি এ ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।