শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষাক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চীন সফরে গেছেন। মঙ্গলবার চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন শিক্ষামন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিভিন্ন শিক্ষাবিষয়ক ফোরাম ও সম্মেলনেও অংশ নেবেন তিনি।
সফরের অংশ হিসেবে চীনের বিভিন্ন কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনেরও কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এ ছাড়া সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে কয়েকটি সমঝোতা স্মারক—এমওইউ সই হওয়ার কথা রয়েছে। এসব সমঝোতার মাধ্যমে উচ্চশিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং শিক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।