শিরোনাম

নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সে মারা গেলেন প্রবীণ আব্বাস প্রামাণিক

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সে মারা গেলেন প্রবীণ আব্বাস প্রামাণিক ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে ১২৩ বছর বয়সে মারা গেলেন প্রবীণ আব্বাস প্রামাণিক ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রবীণ বাসিন্দা আব্বাস প্রামাণিক আর নেই। ১২৩ বছর ৪ মাস বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় নিজ গ্রামের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। দীর্ঘ জীবনে আব্বাস প্রামাণিক সাক্ষী হয়েছেন উপমহাদেশের নানা ঐতিহাসিক ঘটনার। তাঁর জীবদ্দশায় দেখেছেন ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা।

কর্মজীবনে মাত্র ৬০ টাকা বেতনে দুর্গাপুর স্কুলে শিক্ষকতা করেছেন তিনি। পাশাপাশি গ্রামের ছেলেমেয়েদের বিনা মূল্যে কোরআন শিক্ষা দিতেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবার নাম সদর উদ্দিন। সম্প্রতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন আব্বাস প্রামাণিক। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও তাঁর জীবনযাপন ছিল সাদাসিধে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই নিয়মিত নামাজ আদায় ও কোরআন পড়তেন তিনি। প্রায় ৪০ বছর আগে স্ত্রীকে হারানোর পর দীর্ঘ সময় নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন আব্বাস প্রামাণিক। তবে সন্তান ও নাতি-নাতনিদের পরিবারের সদস্যরা তাঁর দেখাশোনা করতেন। জীবনের শেষ সময় পর্যন্ত ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি নিজের অনেক কাজ নিজেই করতেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আব্বাস প্রামাণিক। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে খবর দেওয়া হয় খুবজীপুর প্রবীণ সেবাকেন্দ্রে। সেখান থেকে চিকিৎসক এসে তাঁকে চিকিৎসাসেবা দেন। পরে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। আব্বাস প্রামাণিকের মেয়ে আলিমা বেগম বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, ছোটবেলায় মাকে হারানোর পর বাবার কাছেই বড় হয়েছেন। সুযোগ পেলেই বাবার পছন্দের খাবার নিয়ে তাঁকে দেখতে যেতেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ আব্বাস প্রামাণিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিষয়:

নাটোর
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL