রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক বা এসআই মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, ইমন ও জুয়েল। রোববার বিকেলে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামের খুলশী এলাকা থেকে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখায় কর্মরত। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হামলাকারীকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। ঘটনার পর নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন এসআই ওসমান গনি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ক্লিনিক, পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ...