নকশাবহির্ভূত ও অনুমোদন ছাড়া ভবন নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযানে চসিকের সাবেক মেয়র রেজাউল করিমের মালিকানাধীন ভবনসহ সাতটি ভবনের মালিককে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নগরীর কোতোয়ালি ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে একটি ভবন সিলগালা এবং দুটি ভবনের মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সিডিএর অথরাইজড জোন-২-এর আওতাধীন লালদিঘীর পাড়, আসকার দিঘীর পাড় ও চট্টেশ্বরী রোড এলাকায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালিত হয়। অভিযানে নকশার অনুমোদন বহির্ভূত নির্মাণ, পার্কিংয়ের জায়গায় স্থাপনা নির্মাণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে চকবাজারের চট্টেশ্বরী রোডে সাবেক মেয়র রেজাউল করিমের মালিকানাধীন ছয়তলা ‘হামদর্দ বিল্ডিং’-এও অভিযান চালানো হয়। ভবনটির নিচতলার পার্কিং স্পেসে দোকান নির্মাণের অভিযোগে মালিকপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী নভেম্বরের মধ্যে পার্কিংয়ের জায়গায় নির্মিত দোকানপাট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সিডিএ জানায়, বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মিত ভবনসহ মোট সাতটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, উন্নয়নের নামে অপরিকল্পিত ও অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে নগরীকে ইট-পাথরের জঞ্জালে পরিণত করা হয়েছে। নগরীতে ভবন নির্মাণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিডিএ কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, প্রভাবশালী ব্যক্তি হলেও অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। অনুমোদিত নকশার বাইরে নির্মাণ, নকশার ব্যত্যয় কিংবা অবৈধভাবে ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পিত, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন সিডিএ চেয়ারম্যান।