প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফেনী সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল সাড়ে ৮টার পর রাজধানীর বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে। দিনব্যাপী এই সফরে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরের শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রকল্পটির ব্যয় প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা। এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে। সফরসূচি অনুযায়ী দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হওয়ার পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। এর আগে নির্বাচনী প্রচারণার সময় গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।