শিরোনাম

আইয়ুব বাচ্চুকে সম্মান জানাতে নতুন ব্যান্ড এবি কিং

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আইয়ুব বাচ্চুকে সম্মান জানাতে নতুন ব্যান্ড এবি কিং ছবি: সংগৃহীত
আইয়ুব বাচ্চুকে সম্মান জানাতে নতুন ব্যান্ড এবি কিং ছবি: সংগৃহীত

রক আইকনখ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর নামের আদ্যাক্ষর ‘এবি’ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্যান্ড এবি কিং। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এস আই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাসের সাবেক ড্রামার নাফিজ আল আমিন এবং বেইস গিটারিস্ট আকাশ আহসান।

ব্যান্ড ম্যানেজারের দায়িত্বে আছেন ইশতিয়াক এ সিদ্দিকী। অসুস্থতার কারণে বর্তমানে সময় দিতে না পারলেও শিগগিরই কি-বোর্ডিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে সংগীত পরিচালক ইবরার টিপুর। এই লাইনআপ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনের নয়না সেন্টার অডিটোরিয়ামে প্রথমবারের মতো মঞ্চে ওঠে এবি কিং। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ব্যান্ডটির প্রথম স্টেজ শো।

মূলত একটি মহতী উদ্দেশ্যেই হিউস্টনের এই অনুষ্ঠানের আয়োজন করে সোনার বাংলা ফাউন্ডেশন। অনুষ্ঠানে সংস্থাটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করা এস আই টুটুল নতুন ব্যান্ড এবি কিংয়ের আত্মপ্রকাশের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে দেড় কোটি টাকার অনুদান সংগ্রহ করেন। এই অর্থ সোনার বাংলা ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।

এস আই টুটুল বলেন, জীবনের শেষ ধাপে এসে এমন একটি প্ল্যাটফর্ম গড়ার চিন্তা থেকেই সমমনা কয়েকজনকে নিয়ে এবি কিং গঠন করেছেন তিনি। তার ভাষ্য, তিনি না থাকলেও যেন অন্য কেউ ব্যান্ডটিকে এগিয়ে নিতে পারেন। তিনি আরও স্পষ্ট করেন, এবি কিং কোনোভাবেই এলআরবির বিকল্প নয়। বরং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার গুরু আইয়ুব বাচ্চুকে সম্মান জানানোর পাশাপাশি দেশের বিভিন্ন কিংবদন্তি শিল্পীর গান পরিবেশন করা হবে। এর সঙ্গে থাকবে ব্যান্ডটির নিজস্ব মৌলিক গানও।

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক শহরে এবি কিং পারফর্ম করবে বলেও জানান এস আই টুটুল। ব্যান্ডটির ডিজিটাল কনসালট্যান্সির দায়িত্বে থাকবে কোলাহল কমিউনিকেশন। সোনার বাংলা ফাউন্ডেশনের কর্তাব্যক্তি মাহমুদ হোসেন জানান, যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে নিয়মিত ফান্ড রাইজিং প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা অভিভূত বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা। বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খাতে সামাজিক উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের জন্য স্ক্রিনিং এবং ল্যাবরেটরি সেবা দিয়ে আসছে সংস্থাটি। পাশাপাশি ডায়ালাইসিস প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা বাড়াতে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সোনার বাংলা ফাউন্ডেশন।

বিষয়:

ব্যান্ড
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL