শিরোনাম

সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প ছবি: সংগৃহীত
সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান জানায়, যুদ্ধের অবসান এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে তেহরান।

প্রস্তাব অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা শুরু করার কথা রয়েছে। পরিকল্পনায় সাত দিনের জন্য লেবাননসহ মধ্যপ্রাচ্যে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ইরানের জব্দকৃত অন্তত ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নৌ অবরোধ তুলে নেওয়ার মতো শর্ত রয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

আরাঘচির ভাষ্য অনুযায়ী, এসব শর্ত পূরণ হলে সপ্তম দিনের মাথায় হরমুজ প্রণালি খুলে দেবে ইরান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন তিনি। চীনও প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে কয়েকজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছে, নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বোমা হামলার অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তবে এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।

ইরানের প্রস্তাব নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। গত মঙ্গলবার জাপানের বার্তা সংস্থা কিয়োদো এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। তবে পরে ইরানি গণমাধ্যম ওই দাবি অস্বীকার করে। একই দিন নিউইয়র্কে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাঘচি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছিলেন, তেহরানের দাবিগুলোর মধ্যে ইয়েমেনে শত্রুতা বন্ধের বিষয়টিও রয়েছে।

গত জুনে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। ওই সমঝোতার আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা শুরুর কথা ছিল। তবে কিছুদিন পর সমঝোতা ভেঙে গেলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL