শিরোনাম

মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি তেহরানের

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি তেহরানের ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি তেহরানের ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজায়ি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান শুধু আশপাশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে না, বরং আগে হামলার শিকার হয়নি এমন দূরবর্তী ঘাঁটিতেও আঘাত হানবে। রেজায়ি আরও বলেন, ইউরোপের কোনো দেশ থেকে মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে উড্ডয়ন করলে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা চলছে না। তবে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত তুলে ধরেছে ইরান। এখন এসব শর্তের বিষয়ে মার্কিন প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দেশটি।

রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের প্রথম অগ্রাধিকার হলো সব ফ্রন্টে যুদ্ধের অবসান নিশ্চিত করা। বিশেষ করে লেবাননে চলমান সংঘাত বন্ধের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তেহরান। এ ছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও ইরানকে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতির কথাও জানান তিনি।

ইরানের এই নিরাপত্তাপ্রধান আরও দাবি করেন, দেশটি যখন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, তখন আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি হয়নি। ইরানের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক ও সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা চলছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL