যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম। চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে রয়েছে শিশুও। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, কম টিকাদান এবং জনসচেতনতার অভাবেই আবারও ভয়াবহভাবে ফিরে এসেছে সংক্রামক এ রোগ।
যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে উইসকনসিনে মারা গেছে এক শিশু।
এ বছর পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, টানা সংক্রমণ এবং টিকাদানের হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে আর হাম নির্মূলকারী দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার যোগ্য মনে করছে না আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিশন। ২০০০ সালে হাম নির্মূলের ঘোষণা পাওয়ার ২৬ বছর পর এই মর্যাদা হারাল দেশটি।
চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০-এর বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। আক্রান্তদের অধিকাংশই হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাস। আক্রান্ত একজন ব্যক্তি থেকে ১২ থেকে ১৮ জনের মধ্যে ছড়াতে পারে এ রোগ। এর ফলে জ্বর, র্যাশ, নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মস্তিষ্কের জটিলতাও দেখা দিতে পারে।
এমএমআর টিকার দুটি ডোজ হাম প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। অথচ যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমে যাওয়ায় ঝুঁকিতে পড়ছে শিশু ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে টিকাদানের হার বাড়ানো এবং জনগণের মধ্যে টিকার প্রতি আস্থা ফিরিয়ে আনা জরুরি।