আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২৩:০৯
বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন ক্রমেই গভীর জনসংখ্যাগত সংকটের দিকে এগোচ্ছে। দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, জন্মহার কমে যাওয়া এবং তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক স্থবিরতা এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ক্রমবর্ধমান একক নেতৃত্ব। এসব পরিস্থিতির সম্মিলিত প্রভাবে মধ্য একবিংশ শতাব্দীতে চীন আরও দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন চীনবিষয়ক গবেষক কার্ল মিনজনার।
‘ফরেন অ্যাফেয়ার্স’ সাময়িকীতে প্রকাশিত ‘চায়নাস লং টোয়াইলাইট’ শীর্ষক এক প্রবন্ধে তিনি জানান, ২০২১ সালে চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটিতে পৌঁছে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এরপর থেকে জনসংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে প্রতিবছর দেশটির জনসংখ্যা ৩০ থেকে ৪০ লাখ করে কমছে।
গবেষকের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে চীনের মানুষের মধ্যম বয়স ৫০ বছরে পৌঁছাতে পারে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। শতাব্দীর মাঝামাঝি সময়ে এ হার বেড়ে ৩০ শতাংশ হতে পারে। শতাব্দীর শেষভাগে তা ৪০ থেকে ৫০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
চীনে জন্মহার কমে যাওয়ার পেছনে সন্তান লালন-পালনের ব্যয় বৃদ্ধি, নারীদের কর্মজীবনের আকাঙ্ক্ষা, বিয়েতে অনাগ্রহ এবং রক্ষণশীল সামাজিক কাঠামোকে দায়ী করেছেন গবেষকরা।
পরিস্থিতি মোকাবিলায় চীন সরকার এক সন্তান নীতি বাতিল করে দুই ও পরবর্তী সময়ে তিন সন্তান নেওয়ার সুযোগ দিয়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি, শিশু পরিচর্যাকেন্দ্র ও আর্থিক প্রণোদনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব পদক্ষেপেও জন্মহার উল্লেখযোগ্যভাবে বাড়েনি।
কার্ল মিনজনারের মতে, তরুণদের কর্মসংস্থান, আবাসন ব্যয় এবং নারীদের সামাজিক অবস্থানের মতো মৌলিক সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা সংকটকে আরও জটিল করছে।
তিনি আরও বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান অভিবাসী শ্রমিকের মাধ্যমে জনসংখ্যাগত চাপ মোকাবিলার চেষ্টা করলেও চীনে বিদেশি অভিবাসী গ্রহণের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বাধা রয়েছে।
গবেষকের আশঙ্কা, জনসংখ্যা সংকট ও রাজনৈতিক স্থবিরতা একসঙ্গে চীনে সামাজিক অসন্তোষ বাড়াতে পারে। এর প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতি, বৈদেশিক নীতি এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভবিষ্যতের ওপরও।