আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪৬
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পুনরায় শুরু করতে ট্রাম্পকে রাজি করানোর প্রচেষ্টার অংশ হিসেবেই মোসাদপ্রধানকে ওয়াশিংটনে পাঠিয়েছেন নেতানিয়াহু।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার গোফম্যান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তার মায়ামি যাওয়ার কথা রয়েছে।
এদিকে ইরানের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে আলোচনা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। তবে দেশটির সামরিক কর্মকর্তারা মনে করছেন, নতুন কোনো অভিযান শুরু হলে তা এককভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালনা করা উচিত।
ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে ইরানে হামলা চালানোর মতো জরুরি সামরিক প্রয়োজনীয়তা নেই। ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এমন কোনো তথ্য নেই, যা থেকে প্রমাণিত হয় যে ইরানের কাছে বর্তমানে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ কোনো অস্ত্র বা সক্ষমতা রয়েছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। দেশটির কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসা এবং পারমাণবিক নীতি পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সংঘাতের অবসান হয়নি, বরং পরিস্থিতি আপাতত স্থগিত রয়েছে। ফলে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।