ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালের আগে ক্রীড়া কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েল ও আর্জেন্টিনা। ফাইনালের ঠিক আগের দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে শুভেচ্ছা ও সমর্থনের বিশেষ বার্তা পাঠিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম তুর্কি টুডে জানায়, শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াজনিসের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই বার্তা দেন। রাষ্ট্রদূতের মাধ্যমে পাঠানো বার্তায় নেতানিয়াহু বলেন, "হাভিয়ের, আপনি একজন প্রকৃত বন্ধু। আমরা আপনাকে এবং আর্জেন্টিনাকে সবক্ষেত্রেই সমর্থন করি, যার মধ্যে আগামীকালের বিশ্বকাপ ফাইনালও রয়েছে। দলের জন্য শুভকামনা।"
এর জবাবে রাষ্ট্রদূত ওয়াজনিস প্রেসিডেন্ট মিলেইর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনি আমার পরম বন্ধু এবং সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটা জেনে ভালো লাগছে যে আমার কারণে আপনি স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার জয় কামনা করছেন।"
২০২৩ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন। তিনি তেল আবিবকে আর্জেন্টিনার কৌশলগত মিত্র হিসেবে উল্লেখ করেছেন এবং এ পর্যন্ত তিনবার ইসরায়েল সফর করেছেন। সর্বশেষ ২০২৬ সালের এপ্রিলে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
দুই দেশের মধ্যে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। নেতানিয়াহু অতীতেও প্রকাশ্যে জানিয়েছেন, প্রেসিডেন্ট মিলেইর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তিনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।