৩৯ দিন ও ১০৪ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপ পৌঁছেছে শিরোপা নির্ধারণের মঞ্চে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের পাশাপাশি এবার আলোচনার কেন্দ্রে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের প্রথম হাফটাইম শো। ফুটবলের প্রচলিত ধারা ভেঙে সুপার বোলের আদলে বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে পারফর্ম করার কথা রয়েছে জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয়, ম্যাডোনা, বিটিএস এবং দ্য মাপেটসের। পুরো আয়োজনের প্রযোজনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন।
ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয়ার্ধের মধ্যবর্তী বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। তবে হাফটাইম শো এবং মঞ্চ স্থাপন ও অপসারণের কারণে এবার সেই সময়সীমা অতিক্রম করবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, হাফটাইম শো প্রায় ১১ মিনিট স্থায়ী হবে। তবে মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়ার সময়সহ পুরো বিরতি ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত গড়াতে পারে।
এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে ২৪ মিনিটের বিরতিতে ডোজা ক্যাট, টেমস ও জে বালভিন পারফর্ম করেছিলেন। এছাড়া কোপা আমেরিকার এক ফাইনালেও শাকিরার পরিবেশনার কারণে বিরতি প্রায় ২৬ মিনিট স্থায়ী হয়েছিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে যেমন বাড়তি আগ্রহ তৈরি করেছে, তেমনি ফুটবলের প্রচলিত নিয়ম ও ঐতিহ্য নিয়ে নতুন বিতর্কও সৃষ্টি করেছে।