শিরোনাম

জিম্মার শর্ত ভাঙায় সাফারি পার্কে ফিরল দুই হাতি

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জিম্মার শর্ত ভাঙায় সাফারি পার্কে ফিরল দুই হাতি ছবি: সংগৃহীত
জিম্মার শর্ত ভাঙায় সাফারি পার্কে ফিরল দুই হাতি ছবি: সংগৃহীত

জিম্মায় দেওয়ার শর্ত ভঙ্গ করায় সম্রাট বাহাদুর ও নিহার কলি নামের দুটি হাতিকে আবারও গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে মাদি হাতি নিহার কলি এবং জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগান সংলগ্ন এলাকা থেকে পুরুষ হাতি সম্রাট বাহাদুরকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে নিহার কলি এবং সকাল ১০টার দিকে সম্রাটকে দুটি খোলা ট্রাকে করে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে আনা হয়। পরে সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসকসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করেন। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্কের মেডিকেল বোর্ডের সহযোগিতাও চাওয়া হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মানুষের কাছ থেকে চাঁদা তোলা ও হাতি নির্যাতনের অভিযোগে এর আগে হাতি দুটিকে সাফারি পার্কে আনা হয়েছিল। পরে নির্দিষ্ট কিছু শর্তে মালিকপক্ষের জিম্মায় দেওয়া হয়। তবে জিম্মাগ্রহীতারা সেই শর্ত ভঙ্গ করায় হাতি দুটিকে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাহুত নজরুল ইসলামকে পিষে হত্যার পর সম্রাট বাহাদুরকে উদ্ধার করা হয়। একই বছরের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের ভুলতা থেকে উদ্ধার করা হয় নিহার কলিকে।

এদিকে সম্প্রতি সাফারি পার্কের হাতিশালায় একাধিক হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ৭ আগস্ট রাজু বাহাদুর নামের একটি হাতির মৃত্যু হয়। হাতিটির চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এখন সম্রাট ও নিহার কলিকে সাফারি পার্কে রেখে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL