আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন—ইসি। মঙ্গলবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরকে লক্ষ্য করে ইতোমধ্যে কাজ এগিয়ে নেওয়া হয়েছে এবং কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে স্থানীয় নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করছে ইসি। তবে পূজা, ঈদ ও রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়গুলোও বিবেচনায় রাখা হবে।
ইসি কমিশনার জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এর সঙ্গে পৌরসভা নির্বাচনও যুক্ত হতে পারে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে স্থানীয় সরকার নির্বাচন অক্টোবর থেকে শুরু করার পরিকল্পনা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে সময়সূচি এক মাস পিছিয়ে নভেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।