শিরোনাম

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন তিন মন্ত্রী

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন তিন মন্ত্রী ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন তিন মন্ত্রী ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার ২৪ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর এজেডএম মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন। কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার বিকল্প দায়িত্বও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে ড. আব্দুল মঈন খানকে। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন এম রশিদউজ্জামান মিল্লাত। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তার অনুপস্থিতিতে একই দায়িত্ব পালন করবেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন ছয় সদস্য শপথ নেন। তাদের দপ্তর বণ্টন এবং পুরোনো একজনের দপ্তর পুনর্বণ্টনের পরই সংসদীয় কার্যক্রমের দায়িত্ব নতুন করে নির্ধারণ করল সরকার।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL