বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৩১
তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিন দিনের সরকারি সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি।
এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, অবকাঠামো, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয় গুরুত্ব পায়।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের উদ্যোগ তুলে ধরেন তিনি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।