বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২২
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
স্মরণসভাকে ঘিরে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব এবং জাতীয় জীবনে অবদান নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিক সমাজের পক্ষে এ তথ্য জানিয়েছেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
স্মারকগ্রন্থ প্রকাশের লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে তাঁর জীবন, ব্যক্তিত্ব, নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি, আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব, দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নে অবদান তুলে ধরা হবে।
পাশাপাশি বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর ভূমিকা, অর্থনৈতিক দর্শন, স্বনির্ভর বাংলাদেশ গঠনের নীতি, নির্বাচন, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং রাজনৈতিক জীবনের নানা অজানা অধ্যায় নিয়েও লেখা প্রকাশ করা হবে।
এদিকে বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মরণসভা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।