জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে তিনি শপথ নেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে ড. খলিলুর রহমানের। সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছাল বলে মনে করা হচ্ছে। আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।