ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২০টি বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা মহানগরীর দুই সিটি করপোরেশনের আওতায় মোট ২০টি জোনে এসব কমিটি কাজ করবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি কমিটি থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা জোনাল কমিটিগুলোর নেতৃত্ব দেবেন। পাশাপাশি প্রতিটি কমিটির সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত হয়েছে।
রোববার ১৮ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
জোনাল কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন।
এ ছাড়া ২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
সংশ্লিষ্ট কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ, খননকাজ তদারকি এবং মশক নিধনের কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে কাজ করবে। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ঢাকা ওয়াসা এবং দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।