সংবাদ শিরোনামঃ

এনআইডির জন্মতারিখ সংশোধন হবে স্থানীয় পর্যায়েই

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এনআইডির জন্মতারিখ সংশোধন হবে স্থানীয় পর্যায়েই ছবি: সংগৃহীত
এনআইডির জন্মতারিখ সংশোধন হবে স্থানীয় পর্যায়েই ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখের ভিত্তিতে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনকারীরা নিজ নিজ এলাকাতেই এনআইডির জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তির সুযোগ পাবেন।

গত ২১ জুলাই নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এনআইডি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভোটার এলাকা পরিবর্তন বা মাইগ্রেশন সেবা সম্পূর্ণ অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবার জন্য নির্ধারিত ফি রাখা হবে, যা নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে জন্মতারিখ সংশোধনের আবেদন কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হয়। এতে আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন ব্যবস্থায় শিক্ষাগত সনদের তথ্যের সঙ্গে মিল থাকলে মাঠপর্যায়ের কর্মকর্তারাই আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এদিকে, আইন অনুযায়ী প্রতি ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়নের বিধান রয়েছে। নবায়নের সময় নির্ধারিত ফরমে আবেদনকারীর পারিবারিক তথ্য বা ফ্যামিলি ট্রি জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। তথ্য যাচাই সহজ করতে এ ব্যবস্থার পাশাপাশি নির্ধারিত ফি রাখার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র থেকেই অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমবে এবং প্রবাসীদের ভোটার হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এনআইডি সেবা বিকেন্দ্রীকরণ ও অনলাইনভিত্তিক করার এসব উদ্যোগে নাগরিকদের সময় ও ভোগান্তি কমবে বলে মনে করছে কমিশন।

বিষয়:

এনআইডি
এলাকার খবর

সম্পর্কিত