রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছরের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত কিশোরীর নাম মাহিমা।
পুলিশ জানিয়েছে, মাহিমার স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সময়মতো অস্ত্রোপচার না করায় তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই কিশোরীর অবস্থা গুরুতর ছিল।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রেজওয়ানুল ইসলাম জানান, গত শনিবার মাহিমার মৃত্যু হয়। এরপর তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করছিল। ক্ষতিপূরণ না পাওয়ায় স্বজনেরা হাসপাতালে হামলা ও ভাঙচুর করেন বলে জানায় পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড পেটব্যথা নিয়ে মাহিমাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তার আলট্রাসনোগ্রাফি করা হলে অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। তবে অস্ত্রোপচারকক্ষে নেওয়ার আগেই শনিবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে মাহিমার স্বজনেরা পুলিশের কাছে অভিযোগ করেছেন, চিকিৎসকদের অবহেলার কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ অভিযোগ ও কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করেই হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে।