তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার প্রায় আড়াই মাসের মধ্যে দলবদল করে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।
রোববার ৫ অক্টোবর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করে। এরপর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী। সোমবার রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি।
বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান কোয়েল। তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে এমন দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের। দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। বাংলার মানুষের জীবনযাত্রার উন্নতি এবং কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা তিক্ততা নিয়েও কথা বলেন কোয়েল। তিনি বলেন, কাজের সুযোগের অভাবের সঙ্গে এর একটি সম্পর্ক রয়েছে। বাংলায় আরও স্কুল বাড়ানো এবং নিম্নবিত্ত মানুষের জন্য ভাবার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সক্রিয় রাজনীতিতে ভবিষ্যতে তাকে দেখা যাবে কি না—এমন প্রশ্নে কোয়েল জানান, মানুষের সেবা তার কাছে নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই মানুষের সেবার সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান।
চলতি বছরেই কোয়েলের রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি তাকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। মার্চে নির্বাচনে জয়ী হওয়ার পর ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। পরে শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়নবিষয়ক কমিটির সদস্য করা হয় তাকে।
তবে রাজ্যসভার কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই সদস্য পদ থেকে ইস্তফা দেন কোয়েল। দিল্লিতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর থেকেই তার বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়।
আগামী ১৬ অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।