শিরোনাম

৩২ বছরের ছোট প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৩২ বছরের ছোট প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি ছবি: সংগৃহীত
৩২ বছরের ছোট প্রেমিকা মিন আহকে বিয়ে করলেন জিম ক্যারি ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ে করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জিম ক্যারি। ৬৪ বছর বয়সি এই অভিনেতার সঙ্গে মিন আহর বয়সের ব্যবধান ৩২ বছর। লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া ও ব্যক্তিগত এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ‘ব্রুস অলমাইটি’খ্যাত এই তারকা। বুধবার ৩০ সেপ্টেম্বর জিম ক্যারির এক মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে ছোট পরিসরের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন তারা। তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন জিম ক্যারি ও মিন আহ। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন এই জুটি। চলতি বছরের শুরুতে ফ্রান্সে অনুষ্ঠিত সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথমবারের মতো তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। ওই অনুষ্ঠানে মিন আহকে নিজের ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করিয়ে দেন জিম ক্যারি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে নিজের পরিবার, মেয়ে জেন এবং নাতি জ্যাকসনকে ধন্যবাদ জানান তিনি। এরপর মিন আহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে নিজের অসাধারণ সঙ্গী হিসেবে উল্লেখ করেন জিম ক্যারি। ভালোবাসার কথাও প্রকাশ করেন এই অভিনেতা।

সেই বক্তব্যে নিজের প্রয়াত বাবা পার্সি জোসেফ ক্যারিকেও স্মরণ করেন তিনি। বাবার কাছ থেকেই ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখেছেন বলে জানান জিম ক্যারি। এটি জিম ক্যারির তৃতীয় বিয়ে। ১৯৮৭ সালে মেলিসা ওমারকে বিয়ে করেছিলেন তিনি। তাদের ঘরে জন্ম নেয় এক মেয়ে। ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এর পরের বছর ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমার সহশিল্পী লরেন হলিকে বিয়ে করেন ক্যারি। তবে এক বছর পরই সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে।

এর বাইরে জেনি ম্যাকার্থি, রেনে জেলওয়েগার, লিন্ডা রনস্টাড ও জানুয়ারি জোনসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবেও ক্যারিয়ার শুরু করেন জিম ক্যারি। টেলিভিশন অনুষ্ঠান ‘ইন লিভিং কালার’-এর মাধ্যমে পরিচিতি পাওয়ার পর ১৯৯৪ সালে ‘এস ভেনচুরা: পেট ডিটেকটিভ’, ‘দ্য মাস্ক’ ও ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমায় টানা সাফল্য পান তিনি।

পরবর্তী সময়ে ‘দ্য ট্রুম্যান শো’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ ও ‘ম্যান অন দ্য মুন’-এর মতো সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হন। ‘দ্য ট্রুম্যান শো’ ও ‘ম্যান অন দ্য মুন’ সিনেমার জন্য দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারও পেয়েছেন তিনি। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত ৫১তম সেজার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিম ক্যারিকে দেওয়া হয়েছে সম্মানসূচক পুরস্কার। এর মধ্যেই দীর্ঘদিনের প্রেমিকা মিন আহকে বিয়ের খবর সামনে এলো এই হলিউড তারকার।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL