২০২৭ সালের পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম এ তথ্য জানিয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব তারিখ এক দিন আগে-পরে হতে পারে।
প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। আর পবিত্র শবে কদর পালিত হতে পারে ৫ মার্চ দিবাগত রাতে। এ ছাড়া ২০২৭ সালের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। এর আগের দিন ১৫ মে পবিত্র আরাফাতের দিন পালিত হতে পারে।
ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ থেকে ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবীর সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। বছরের শেষ দিকে ২৪ থেকে ২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও ক্যালেন্ডারে রয়েছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সোমবার রমজান শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ আদায় করবেন মুসল্লিরা এবং পরদিন থেকে রোজা শুরু হতে পারে।
তবে ঈদুল ফিতরের তারিখ নিয়ে হিসাবের কিছু পার্থক্য রয়েছে। কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডারে ৯ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হলেও গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ঈদ হতে পারে ১০ মার্চ বুধবার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তাই প্রকাশিত তারিখগুলোকে আপাতত সম্ভাব্য হিসাব হিসেবেই বিবেচনা করতে হবে।