শিরোনাম

বসুন্ধরায় আকাশছোঁয়া ‘ঢাকা আই’, তৈরি হচ্ছে নতুন বিনোদনকেন্দ্র

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বসুন্ধরায় আকাশছোঁয়া ‘ঢাকা আই’, তৈরি হচ্ছে নতুন বিনোদনকেন্দ্র ছবি: সংগৃহীত
বসুন্ধরায় আকাশছোঁয়া ‘ঢাকা আই’, তৈরি হচ্ছে নতুন বিনোদনকেন্দ্র ছবি: সংগৃহীত

রাজধানীর বিনোদন জগতে যোগ হতে যাচ্ছে নতুন আকর্ষণ। বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের সেন্ট্রাল পার্কে প্রায় ৪৭ বিঘা জমিতে গড়ে উঠছে বৃহৎ ও বহুমাত্রিক বিনোদনকেন্দ্র। যার অন্যতম প্রধান আকর্ষণ প্রায় ৯০ মিটার উচ্চতার বিশাল ফেরিস হুইল ‘ঢাকা আই’।

এরই মধ্যে ঢাকা আই-এর পূর্ণাঙ্গ চাকা নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রায় ৮২ মিটার ব্যাসের এই বিশাল চাকার থাকছে ৪৮টি কেবিন। প্রতিটি কেবিনে একসঙ্গে ছয়জন যাত্রী বসতে পারবেন। অর্থাৎ একবারে প্রায় ২৮৮ জন দর্শনার্থী এতে চড়ার সুযোগ পাবেন। একবার পুরো চক্কর দিতে ঢাকা আই-এর সময় লাগবে প্রায় ২০ মিনিট। ধীরগতির এই যাত্রায় উঁচু থেকে রাজধানীর বিস্তৃত দৃশ্য দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। যাত্রীদের আরাম ও নিরাপত্তার কথা মাথায় রেখে কেবিনগুলোতে থাকছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আসন, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও হাতে পরিচালিত দরজা।

তবে ঢাকা আই-ই শেষ নয়। প্রায় ৪৭ বিঘার এই বিনোদনকেন্দ্রে থাকছে নানা ধরনের রোমাঞ্চকর রাইড। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উঁচু রোলার কোস্টারগুলোর একটি, স্পাইডার হুইল ও ড্রপ টাওয়ারও থাকছে। শিশু ও পরিবারের জন্য তৈরি হচ্ছে ইনডোর প্লে জোন। ফলে শিশু, তরুণ, পরিবার ও রোমাঞ্চপ্রেমী—সব বয়সের মানুষের জন্যই থাকবে আলাদা বিনোদনের ব্যবস্থা।

বর্তমানে পুরো এলাকাজুড়ে অবকাঠামো ও বিভিন্ন আকর্ষণের নির্মাণকাজ চলছে। এরই মধ্যে ঢাকা আই-এর পূর্ণাঙ্গ চাকা নির্মাণ শেষ হওয়াকে প্রকল্পের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সবকিছু মিলিয়ে বসুন্ধরা এন ব্লকে তৈরি হচ্ছে এমন এক বিনোদনকেন্দ্র, যেখানে একই জায়গায় মিলবে উচ্চতা, গতি, রোমাঞ্চ, খেলা ও পারিবারিক আনন্দ। এটি চালু হলে রাজধানীর বিনোদন জগতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL