সরকার গ্রামাঞ্চলের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে পরবর্তীতে সেই দাম কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সরকারের আমলে লোডশেডিং এমন পর্যায়ে পৌঁছেছে যে গ্রামাঞ্চলে বিদ্যুৎ অধিকাংশ সময়ই থাকে না। ফলে সাধারণ মানুষ বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণার পর থেকেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে গেছে। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।