চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিফিনের সময় ফুটপাতের দোকান থেকে পিঁয়াজু খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েছে ৯ স্কুলশিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় সপ্তম ও নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের সামনের ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। খাবার খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কারও মাথাব্যথা, কারও মাথা ঘোরা শুরু হয়। এমনকি কয়েকজন শিক্ষার্থী জ্ঞানও হারিয়ে ফেলে।
বিদ্যালয়ের শিক্ষক সাইফুল করিম জানান, টিফিনের সময় সপ্তম শ্রেণির ৮ থেকে ১০ জন শিক্ষার্থী বাইরে থেকে পিঁয়াজু কিনে খায়। এরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। প্রথমে দুজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। তবে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রহমতুল্লাহ জানান, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা বিপদমুক্ত রয়েছে। তবে সতর্কতার জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরের খাবার খাওয়ার বিষয়ে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।
শিবগঞ্জের ইউএনও মাজহারুল ইসলাম জানিয়েছেন, যেসব দোকান থেকে শিক্ষার্থীরা খাবার খেয়েছে, সেখানে মানসম্মত খাবার প্রস্তুত করা না হলে অভিযান চালানো হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্কুলের আশপাশে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।