ঢাকার কেরানীগঞ্জের বন্ডাকপাড়া এলাকার প্রধান সড়কটির বেহাল ও শোচনীয় দশার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বন্ডাকপাড়া হয়ে প্রতিদিন গোলামবাজার ও চড়াইল এলাকার হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করলেও বর্তমানে এই সড়কে তাদের স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শুক্রবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বন্ডাকপাড়া রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ড্রেনের ময়লা-আবর্জনা উপচে পুরো রাস্তায় প্রায় হাঁটুসমান পানি জমে একাকার হয়ে গেছে। এর ওপর রাস্তার বিভিন্ন স্থানে ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় এটি এখন স্থানীয়দের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি বা ড্রেনের উপচে পড়া ময়লা পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় রিকশা, ভ্যান বা কোনো যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে যাতায়াত করাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
এলাকার গোলামবাজার ও চড়াইল এলাকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা সাধারণ ক্রেতা, ব্যবসায়ী এবং প্রবীণ বাসিন্দারা প্রতিনিয়ত চরম বিপাকে পড়ছেন। সবচেয়ে বেশি শোচনীয় অবস্থায় পড়েছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। ভাঙাচোরা রাস্তা আর নোংরা হাঁটুসমান পানির মধ্য দিয়ে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই কাদা-পানিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছে এবং ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ড্রেনের ঢাকনাবিহীন খোলা ম্যানহোল এবং জমে থাকা দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকায় ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে। বন্ডাকপাড়া রাস্তার এই বেহাল দশা ও হাঁটুসমান পানির স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই রাস্তাটি দ্রুত সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খোলা ম্যানহোলগুলো নিরাপদ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।