শিরোনাম

বাবুরহাট বাজারে জব্দ করা হলো পচা মাংস ও রঙ মেশানো শুঁটকি

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাবুরহাট বাজারে জব্দ করা হলো পচা মাংস ও রঙ মেশানো শুঁটকি ছবি: বাংলাদেশ যুগান্তর
বাবুরহাট বাজারে জব্দ করা হলো পচা মাংস ও রঙ মেশানো শুঁটকি ছবি: বাংলাদেশ যুগান্তর

চাঁদপুরে রঙ মেশানো শুঁটকি মাছ বিক্রি এবং বিক্রির উদ্দেশ্যে বাসি-পচা মাংস সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান সূত্রে জানা যায়, শুঁটকি মাছে রং মিশিয়ে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে উত্তম কুমার সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আমিন পাটোয়ারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে বাসি-পচা মাংস সংরক্ষণের দায়ে একতা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে।

এ সময় জব্দ করা নষ্ট ও পচা মাংস এবং রঙ মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন অভিযুক্ত ব্যবসায়ীরা।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। বাজারে জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অভিযান সম্পর্কে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জব্দ করা নষ্ট মাংস ও রঙ মেশানো শুঁটকি মাছ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বাজারে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL