শিরোনাম

বিমান চলাচল থেকে ব্যাংকিং বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিমান চলাচল থেকে ব্যাংকিং বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
বিমান চলাচল থেকে ব্যাংকিং বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কয়েক দিনের ব্যবধানে বিমান চলাচল, ব্যাংকিং কার্যক্রম এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবায় একের পর এক বিপর্যয় দেখা দিয়েছে। মাইক্রোসফট, অ্যাপল এমনকি দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর কার্যক্রমও ব্যাহত হয়েছে। এসব ঘটনার পেছনে সমন্বিত সাইবার হামলার সন্দেহ ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে বলা হয়েছে, পুরোনো প্রযুক্তি অবকাঠামো, সফটওয়্যারের ত্রুটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে তৈরি হওয়া নতুন চাপ এসব বিপর্যয়ের অন্যতম কারণ। গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ হওয়ার পেছনে ছিল আরকানসাস অঙ্গরাজ্যের এল ডোরাডো শহরে স্থাপন করা একটি ত্রুটিপূর্ণ রাউটার। এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার ও যোগাযোগব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদান হয়।

আরও পড়ুন, 

রাউটারের ত্রুটির কারণে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে, মাইক্রোসফটের ক্ষেত্রে জুলাইয়ে সফটওয়্যার হালনাগাদের সময় থেকে যাওয়া একটি ত্রুটি কয়েক মাস পর সক্রিয় হয়ে সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে ইমেইলসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।

এ ছাড়া জেপি মরগান চেজ ব্যাংকে সফটওয়্যারের সমস্যায় লেনদেনে বিলম্ব ঘটে। অভ্যন্তরীণ হালনাগাদের কারণে অ্যাপলের কিছু সেবা বন্ধ হয়ে যায়। আর রক্ষণাবেক্ষণের সময় সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর গোপন তথ্য আদান-প্রদানের ব্যবস্থা।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দ্রুত সফটওয়্যারের নিরাপত্তাগত দুর্বলতা শনাক্ত করতে পারছে। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অল্প সময়ের মধ্যে বেশি ত্রুটি সংশোধনের চাপে পড়তে হচ্ছে। তবে সাম্প্রতিক সব বিপর্যয়ের জন্য এআই দায়ী, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে, এসব ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি সাইবার হামলা এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎবিভ্রাটের গুজব ছড়িয়ে পড়েছে। এমনকি আতঙ্কিত হয়ে অনেকে জরুরি সরঞ্জাম ও খাবার মজুত করছেন।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যোগাযোগ, ব্যাংকিং ও পরিবহনব্যবস্থা একে অপরের ওপর নির্ভরশীল। ফলে একটি যন্ত্রের সামান্য ত্রুটিও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় পুরোনো প্রযুক্তি অবকাঠামোর উন্নয়ন এবং যেকোনো বিপর্যয়ের কারণ সম্পর্কে দ্রুত ও নির্ভুল তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL