আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৪২
ডেমোক্র্যাটরা সিনেটের দায়িত্ব নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকদের শূন্য পদ পূরণে তৎপরতা চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে শেষ মুহূর্তে নিজ দলের এক সিনেটরের বাধার মুখে পড়েছে ট্রাম্পের মনোনীত এক বিচারকের নিয়োগ প্রক্রিয়া।
টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন ট্রাম্পের মনোনীত বিচারক টি. এলিয়ট গেইজারের নিয়োগ আটকে দিয়েছেন। তার আপত্তি, টেক্সাসের ফেডারেল বিচারক পদে টেক্সাসের বাইরের কাউকে নিয়োগ দেওয়া গ্রহণযোগ্য নয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গেইজার বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব লিগ্যাল কাউন্সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ওহাইও অঙ্গরাজ্যে।
বুধবার সিনেটর জন কর্নিন জানান, গেইজারের মনোনয়ন বিবেচনার জন্য সিনেট জুডিশিয়ারি কমিটিতে প্রয়োজনীয় ‘ব্লু স্লিপ’ জমা দেননি তিনি। এর ফলে টেক্সাসের বিচারক পদে তার নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
কর্নিনের দাবি, গেইজারের বিচারিক অভিজ্ঞতা নেই এবং তার যথাযথ যাচাই-বাছাইও হয়নি। এ পদে নিয়োগের জন্য তিনি হোয়াইট হাউসকে বিকল্প প্রার্থীর নামও দিয়েছেন।
এদিকে বুধবার ট্রাম্প মনোনীত সাতজন বিচারকের নিয়োগ নিয়ে সিনেট জুডিশিয়ারি কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ডেমোক্র্যাট সিনেটররা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্বাধীনভাবে রায় দেওয়ার সক্ষমতা নিয়ে প্রার্থীদের প্রশ্ন করেন।
শুনানিতে কয়েকজন মনোনীত ব্যক্তি এসব প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়ায় সমালোচনা করেন ডেমোক্র্যাট সিনেটররা।
অন্যদিকে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ পাল্টা যুক্তি দিয়ে বলেন, ২০২৪ সালের শেষ দিকে ডেমোক্র্যাটরাও বাইডেন প্রশাসনের সময়ে দ্রুত ২২ জন ফেডারেল বিচারক নিয়োগ দিয়েছিল।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক নিয়োগকে কেন্দ্র করে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটরদের মধ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।