গণপূর্তের কাজে স্বচ্ছতা আনতে বিশেষ অডিট প্যানেল
বাংলাদেশ যুগান্তর ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৩০
গণপূর্তের কাজে স্বচ্ছতা আনতে বিশেষ অডিট প্যানেল
ছবি: সংগৃহীত
নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি অর্থের অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারও প্রতি অন্যায় করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অনেক জেলা ও উপজেলা থাকায় কাজ পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
মন্ত্রী আরও জানান, কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে।
এই প্যানেল থেকে চার থেকে পাঁচ সদস্যের একেকটি দল তৈরি করে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না। বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ের নির্মাণকাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে।
এর মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র জানা এবং অনিয়মের সুযোগ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।