ইরানের সামরিক শক্তি প্রদর্শনে নতুন করে আলোচনায় এসেছে দেশটির কথিত ‘মিসাইল সিটি’। ভূগর্ভস্থ বিশাল সুড়ঙ্গজুড়ে সারি সারি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্রের ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ধারণ করা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) আলজাজিরার সাংবাদিক রেসুল সারদার আতাস তেহরান থেকে জানান, প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদিকে দেখা গেছে। এ সময় তাঁর পাশে ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি।
ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের পাশাপাশি শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দেখানো হয়েছে। এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে একই সঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম লঞ্চারসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা।
আলজাজিরার সাংবাদিকের বিশ্লেষণ অনুযায়ী, এই ভিডিও প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিতে চাইছে আইআরজিসি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কিংবা উৎক্ষেপণযন্ত্রের কোনো সংকট নেই। ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হলে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাও রয়েছে তাদের।
বিশ্লেষকদের মতে, ভিডিওটি ইরানের সামরিক প্রচারণার অংশ হলেও এর মাধ্যমে সম্ভাব্য প্রতিপক্ষের কাছেও নিজেদের শক্তি ও প্রতিরোধক্ষমতার বার্তা পৌঁছে দিতে চাইছে তেহরান। বিশেষ করে ভূগর্ভস্থ স্থাপনায় বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার প্রদর্শনের মধ্য দিয়ে সামরিক প্রস্তুতির বিষয়টি সামনে এনেছে দেশটি।
সব মিলিয়ে কথিত ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে প্রস্তুত থাকার বার্তা দিয়েছে ইরান। তবে ভিডিওতে প্রদর্শিত অস্ত্রের সংখ্যা ও স্থাপনার বর্তমান অবস্থা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।