আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে কি না, সেটিও খতিয়ে দেখছে সরকার।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা চালিয়ে আওয়ামী লীগ ভেবেছিল, সরকারও তাদের মতো গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না। বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। তবে এসব ঘটনায় দলটির কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ওই ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ক্রসফায়ার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া সাত শতাধিক সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল বলে দাবি করেন আইনমন্ত্রী। তাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। একই সময়ে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন মো. আসাদুজ্জামান।
এ সময় দেশ ও জাতিকে দুঃসময় থেকে বের করে আনতে জেন-জি প্রজন্মের ভূমিকার প্রশংসা করেন আইনমন্ত্রী। আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামে এই প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।