ইতিহাস, ঐতিহ্য আর নবাবী শান-শওকত নিয়ে ৪১৬ বছরে পা দিয়েছে প্রাণের শহর ঢাকা। ঢাকার ৪১৬ বছর উদযাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। আগামী ২২ আগস্ট শনিবার বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সপ্তাহব্যাপী উৎসবে মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন ‘মুখ ও মুখোশ’ দিয়ে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শন। পরবর্তী দিনগুলোতে প্রদর্শিত হবে ‘নবাব সিরাজ উদ্দৌলা’, ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’, ‘জীবন থেকে নেওয়া’, ‘নান্টু ঘটক’, ‘অশিক্ষিত’, ‘রংবাজ’, ‘সবুজ সাথী’, ‘নাচের পুতুল’, ‘দূরদেশ’, ‘দহন’, ‘দোস্ত দুশমন’ ও ‘বধূ বিদায়’।
আগামী ২৮ আগস্ট উৎসব শেষ হবে। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও সিনেমাটোগ্রাফারসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জনকে সম্মাননা দেওয়া হবে। উৎসব আয়োজনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর সদস্য হিসেবে রয়েছেন।
বুধবার মধুমিতা সিনেমা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, চলচ্চিত্র মানুষের কথা বলে এবং মানুষকে উজ্জীবিত করে। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে আবারও জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। মধুমিতা সিনেমা হলের সঙ্গে নিজের পুরোনো স্মৃতিও তুলে ধরেন তিনি।
প্রয়াত সাদেক হোসেন খোকার সঙ্গে মধুমিতা সিনেমা হলে আসার স্মৃতিচারণ করে আবদুস সালাম বলেন, এই সিনেমা হলের সঙ্গে তার অনেক স্মৃতি রয়েছে। মধুমিতার মাধ্যমে আবারও দেশের চলচ্চিত্র শিল্প জেগে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা শিবা সানু, সাংবাদিক আহমেদ তেপান্তরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।