রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের ইচিগো রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি কোনো ধরনের লেবেল ছাড়াই চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া রেস্টুরেন্টে মজুদ করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
এসব অনিয়ম ও অপরাধের কথা স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্যের বিধিবিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে যথাযথ লেবেলিং এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।