ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্য দিয়ে যাওয়া হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করেছে ইরান। বুধবার ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে ক্যালিফোর্নিয়ার মানচিত্র নীল রঙে চিহ্নিত করে সেটিকে ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে হরমুজ প্রণালির ওপর লেখা ছিল ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’। হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও পোস্টটি শেয়ার করা হয়। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই ‘দিবাস্বপ্ন’ দ্রুতই ভেঙে যাবে। ইরানের পাল্টা পোস্টকে মূলত ট্রাম্পের দাবির প্রতীকী জবাব হিসেবে দেখা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের বাইরে ইরানি বংশোদ্ভূত মানুষের অন্যতম বড় সম্প্রদায় রয়েছে। সেখানে প্রায় ১ লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ইরানি অভিবাসীদের সংখ্যা বাড়তে থাকে। লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকা ইরানি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। অনেকে এলাকাটিকে রসিকতা করে ‘তেরহান অ্যাঞ্জেলস’ নামেও ডাকেন। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এমন পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনাকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।