ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের কয়েকটি সংবাদমাধ্যম। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার কথাও বলা হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিতে মোতায়েন থাকা নৌসদস্যদের মধ্যে অসন্তোষ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও মোতায়েন নিয়ে নৌসদস্যদের অভিযোগের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরিটিতে যান।
এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা ওই কর্মকর্তাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে। এরপর নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, সংঘর্ষে সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তবে এই হতাহতের দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরও রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘদিন ধরে মোতায়েনে রয়েছে। মেহর নিউজের দাবি অনুযায়ী, রণতরিটি ২৬৩ দিন ধরে মোতায়েনে রয়েছে এবং এর মধ্যে ২০৮ দিন টানা সমুদ্রে অবস্থান করেছে। তবে নৌসদস্যদের সংঘর্ষ ও সাতজন নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট নয়।