শিরোনাম

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশটির নেতা কিম জং উন। এর অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কোরিয়ান পিপলস আর্মির জেনারেল পলিটব্যুরোর প্রধান কিম সং গি।

রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, সামরিক কাঠামো পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে শনিবারের এক বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করেন কিম জং উন। প্রতিরক্ষামন্ত্রীর পদ হারানোর পর নো কোয়াং চোলকে ক্ষমতাসীন দলের অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপ-পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে প্রতিরক্ষা উপদেষ্টা পাক জং চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর সদস্য করা হয়েছে। সামরিক প্রযুক্তি ও নতুন যুদ্ধাস্ত্র ব্যবস্থা উন্নয়নে গবেষক ও কর্মকর্তাদের প্রশংসা করার পরপরই এই গুরুত্বপূর্ণ রদবদল সামনে এলো। কেসিএনএর দাবি, উত্তর কোরিয়ার অস্ত্র গবেষণাকেন্দ্র সম্প্রতি এমন কিছু নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা দেশটির সামরিক সক্ষমতা আরও বাড়াতে পারে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পরই পিয়ংইয়ংয়ের সামরিক নেতৃত্বে এই পরিবর্তন আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এসব মহড়াকে তাদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেখে আসছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক ইতিবাচক অবস্থান ধরে রেখেছেন। কিম জং উনের সঙ্গে এর আগে দুই দফা বৈঠক করা ট্রাম্প চলতি বছর আবারও তাঁর সঙ্গে বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন বলে আলোচনা রয়েছে। তবে ওয়াশিংটনের এই উদ্যোগে এখনো উল্লেখযোগ্য সাড়া দেয়নি পিয়ংইয়ং।

বরং উত্তর কোরিয়া নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। এর মধ্যেই আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ ‘ফ্রিডম এজ’ সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে উত্তর কোরিয়ার সামরিক নেতৃত্বে এই রদবদল এবং নতুন অস্ত্র প্রযুক্তির ওপর জোর দেওয়ার বিষয়টি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL