দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেট উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে বিভিন্ন কার্যক্রম পরিচালনা নিয়ে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড—বিসিবি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বোর্ডের অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা ছাড়া কোনো সংগঠন, প্রতিষ্ঠান কিংবা উদ্যোগকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা হবে না।
বিসিবি বলেছে, এ ধরনের কোনো সংগঠন বা উদ্যোগের সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি কিংবা সংশ্লিষ্টতা নেই। তাই এসব সংগঠনকে বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচনা করা যাবে না। বোর্ড জানায়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট পরিচালনা এবং ক্রিকেট সংস্থার গঠন, স্বীকৃতি ও নিয়ন্ত্রণের বিষয়ে বিসিবির সংবিধানে সুনির্দিষ্ট কাঠামো রয়েছে। সংবিধানের ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী, বিসিবির নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন করা বোর্ডের দায়িত্বের মধ্যে পড়ে। একইভাবে ৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী এসব সংস্থাকে স্বীকৃতি দেওয়া, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আঞ্চলিক ও জেলা পর্যায়ের অঙ্গ সংগঠনগুলোর পরিচালনা ও নিয়ন্ত্রণও বিসিবির দায়িত্ব।
এ ছাড়া সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী, জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবির অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসারে গঠিত হতে হবে। জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকেও বিসিবির নির্ধারিত কাঠামো অনুসরণ করতে হবে।
বিসিবি আরও জানিয়েছে, সাংবিধানিক বিধান অনুসরণ করে গঠিত এবং বোর্ডের স্বীকৃতি বা অনুমোদন পাওয়া সংস্থাগুলোই কেবল জেলা ক্রিকেট সংস্থা হিসেবে বিবেচিত হবে। বোর্ডের অনুমোদন ছাড়া কোনো সংগঠন নিজেদের জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি করলে সেটিকে বিসিবির সংবিধান পরিপন্থী অবৈধ সংস্থা হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে ক্রিকেটার, ক্লাব, সংগঠক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিসিবি। কোনো জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠন বা কমিটি বিসিবির স্বীকৃত কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনে সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।