আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সোমবার ৫ অক্টোবর রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।
বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।