প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বেগম খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম পুতুল। শৈশব ও কৈশোরের একটি সময় তিনি দিনাজপুরে কাটান এবং সেখানকার মিশনারি স্কুল ও দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।
১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তাঁর মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া।
এরপর তাঁর নেতৃত্বে বিএনপি এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই দফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন খালেদা জিয়া।