গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে এতে স্বাক্ষর করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো। একই সঙ্গে এ ঘোষণা বাংলাদেশ সরকারি মুদ্রণালয়—বিজি প্রেসকে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কাজে ব্যবহারের জন্য ওই গেজেট বিজ্ঞপ্তির ৫০০ কপি সরবরাহের অনুরোধও জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে মোট ৩৪৩টি ভোট পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট। ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার নির্বাচনের বিষয়টি সরকারি নথিতে চূড়ান্ত করা হলো। এখন নিয়ম অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।