শিরোনাম

হাসি ঝগড়া আর পারিবারিক গল্প

দর্শক সাড়ায় ৫০ পর্বে ‘এক পাতিলের সংসার’

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দর্শক সাড়ায় ৫০ পর্বে ‘এক পাতিলের সংসার’ ছবি: সংগৃহীত
দর্শক সাড়ায় ৫০ পর্বে ‘এক পাতিলের সংসার’ ছবি: সংগৃহীত

বিলুপ্তপ্রায় একান্নবর্তী সংসারের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। শামীম জামানের নাটকটি প্রচার শুরুর পর থেকেই দর্শকদের সাড়া পাচ্ছে। ইতোমধ্যে ধারাবাহিকটি ৪৯টি পর্ব পার করেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটির ৫০তম পর্ব।

‘এক পাতিলের সংসার’-এর গল্প আবর্তিত হয়েছে নয়নপুর গ্রামের অশীতিপর বৃদ্ধ সেরাজ খাঁকে ঘিরে। তিনি গ্রামের সবচেয়ে বড় বাড়ির মালিক। তার বাড়িতে পরিবারের সদস্যসংখ্যাও অনেক। সেরাজ খাঁর দুই ছেলে মেরাজ ও এন্তাজ। তাদের স্ত্রী সন্তান এবং বিধবা বোনকে ঘিরে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটতে থাকে। কখনো পরিবারের সদস্যদের মধ্যে হাসি-তামাশা আবার কখনো ঝগড়া-বিবাদ। এসব ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ফুটে উঠছে একান্নবর্তী পরিবারের অম্ল-মধুর সম্পর্ক।

নাটকটির গল্প লিখেছেন আহমেদ শাহাবুদ্দীন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু ও সাদ্দাম মালসহ আরও অনেকে। দর্শকদের আগ্রহের কারণে ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হচ্ছে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাচ্ছে ‘এক পাতিলের সংসার’।

৫০তম পর্বে গল্প কোন দিকে মোড় নেয় এবং পরিবারের সদস্যদের সম্পর্কের টানাপোড়েন কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে নতুন পর্বের জন্য।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL