বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মহাব্বতে’ থেকে ‘দেবদাস’—পর্দায় তাদের রসায়ন আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। তাই পরবর্তী সময়ে এই জুটিকে আর সেভাবে রোমান্টিক চরিত্রে না পাওয়ার আক্ষেপও রয়েছে ভক্তদের। তবে এবার সামনে এসেছে, কেন শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার সেই জনপ্রিয় জুটি আর জমেনি—এ নিয়ে চর্চিত একটি কারণ।
শাহরুখ-ঐশ্বরিয়ার শেষ উল্লেখযোগ্য রোমান্টিক জুটি ছিল ‘দেবদাস’। এরপর দুজনকে একসঙ্গে দেখা গেলেও আগের মতো রোমান্টিক চরিত্রে আর দেখা যায়নি। আর এই প্রসঙ্গে বারবার আলোচনায় এসেছে ২০১৪ সালে মুক্তি পাওয়া ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার কথা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঐশ্বরিয়া। গল্পে শাহরুখের চরিত্রের সঙ্গে তার একটি রোমান্টিক ট্র্যাকও ছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন ঐশ্বরিয়া। প্রথমদিকে অনেকে মনে করেছিলেন, সিনেমাটিতে তার স্বামী অভিষেক বচ্চন অভিনয় করছিলেন বলেই হয়তো তিনি কাজটি করতে চাননি। তবে চর্চিত তথ্য বলছে, বিষয়টি শুধু অভিষেকের উপস্থিতি নিয়ে ছিল না। বরং বিয়ের পর অন্য কোনো অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না ঐশ্বরিয়া—এমনটাই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অর্থাৎ, সিনেমায় অভিষেকের উপস্থিতির চেয়ে নিজের ব্যক্তিগত অবস্থান ও পারিবারিক সীমারেখাকেই গুরুত্ব দিয়েছিলেন ঐশ্বরিয়া। পেশাগত সুযোগের চেয়ে ব্যক্তিগত মূল্যবোধকে অগ্রাধিকার দিয়েই তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন বলে জানা যায়।
‘মহাব্বতে’ ও ‘দেবদাস’-এ শাহরুখ-ঐশ্বরিয়ার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। পরবর্তী সময়ে আবারও এই জুটিকে রোমান্টিক চরিত্রে দেখার প্রত্যাশাও ছিল অনেকের। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনা সেই সম্ভাবনাকে আরও দূরে সরিয়ে দেয় বলে মনে করেন অনেকে। এদিকে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যজীবন নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব গুঞ্জনকে পাশ কাটিয়ে তারা নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই প্রকাশ্যে দেখা গেছে।