সংবাদ শিরোনামঃ

১১ দলীয় সমাবেশ থেকে ডা. শফিকুর রহমানের আহ্বান

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১১ দলীয় সমাবেশ থেকে ডা. শফিকুর রহমানের আহ্বান ছবি: সংগৃহীত
১১ দলীয় সমাবেশ থেকে ডা. শফিকুর রহমানের আহ্বান ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার দুপুরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতেই হবে। এ বিষয়ে আর কোনো টালবাহানা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ঢাকার জন্য ডাক এলে ঘরে ঘরে আন্দোলনের প্রস্তুতি গড়ে তুলতে হবে। সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারও আগের সরকারের পথ অনুসরণ করছে বলে জনগণের মধ্যে অভিযোগ রয়েছে। তিনি দলীয়করণ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে দাবি উপেক্ষিত হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন জোটের শীর্ষ নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতারা বক্তব্য দেন।

সকাল থেকেই সিলেট বিভাগের চার জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হন। জাতীয় রাজনৈতিক ইস্যুর পাশাপাশি সিলেট অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো ও স্থানীয় বিভিন্ন দাবি-দাওয়াও সমাবেশে তুলে ধরা হয়।

এলাকার খবর

সম্পর্কিত